
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়। দলের পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।
রাষ্ট্রপতির আলোচনায় যেসব নাম
এর আগে গত শনিবার (১ আগস্ট) রাতে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয় বিএনপির স্থায়ী কমিটি।
তবে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জোর আলোচনা রয়েছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।
এর বাইরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছে।
তবে বিএনপির নেতাদের একটি বড় অংশের মত, রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকেই কাউকে বেছে নেওয়া উচিত।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন নির্বাচন
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
নির্বাচন আয়োজনের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এখন রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্র: যমুনা টিভি

