বগুড়ায় তৃণমূলে আবারও দল পুনর্গঠনে বিএনপি

বগুড়ায় তৃণমূলে আবারও দল পুনর্গঠনে মনোযোগী হয়েছে বিএনপি। ওয়ার্ড থেকে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পর্যায়ে সম্মেলন ও নতুন কমিটি গঠনের পাশাপাশি কেন্দ্র থেকে ঘোষিত
আন্দোলন কর্মসূচি পালনে রাজপথেও সক্রিয় হচ্ছে দলটি। জাতীয় নানা ইস্যুতে চলমান আন্দোলন জোরালো করার লক্ষ্য নিয়ে এরই মধ্যে বিভিন্ন মামলায় কারাগারে আটক নেতাকর্মীদের জামিনে মুক্ত করে আনা হয়েছে।








তাদের মাধ্যমে দলীয় কর্মসূচিগুলোতে সমর্থকদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বিএনপির








শীর্ষ পর্যায় থেকে তৃণমূল নেতাকর্মীদের এক ধরনের বার্তা দিয়ে বলা হয়েছে যে, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের মতো খুব কঠোর অবস্থানে যাবে না। গত ২ মার্চ বগুড়া সফরকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও নেতাকর্মীদের একই ধরনের ইঙ্গিত দিয়ে গেছেন।














বগুড়ায় ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে বিএনপির পুনর্গঠনের জন্য ২০১৯ সালের ১৫ মে মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত করে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে প্রধান করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তার তিন মাসের মাথায় ১৬ আগস্ট দলের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা কমিটিগুলোও বিলুপ্ত করা হয়। ওই একই বছরের ৪ সেপ্টেম্বর থেকে
বিএনপির পুনর্গঠনের কাজ শুরু হয়। পরে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও নতুন কমিটি গঠনের কাজ শুরু করা হলেও ২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর তা মুখ থুবড়ে পড়ে। ২০২১ সালের ১৩ নভেম্বর এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে সরিয়ে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাকে দলের জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়ার পর নতুন করে আবারও পুনর্গঠনের কাজ শুরু করা হয়।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ইউনিয়ন পর্যায়ে সব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে ১০৯টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত ৭২টি ইউনিয়ন সম্মেলন করা সম্ভব হয়েছে। এ ছাড়া ১২টি পৌরসভার মধ্যে চারটি পৌরসভা এবং ১২টি উপজেলার মধ্যে একটিতে নতুন কমিটি গঠন হয়েছে। আগামী রমজানের আগেই অন্য ১১টি উপজেলা ও আটটি পৌরসভায় নতুন কমিটি গঠনের কাজ শেষ করে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাফতুন আহম্মেদ খান রুবেল জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দলের পুনর্গঠনের কাজ আবারও শুরু হয়েছে। আগামী ১১ মার্চ দলের সদর উপজেলা কমিটি এবং পরদিন ১২ মার্চ বগুড়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। তার পরপরই অন্য উপজেলা ও পৌরসভা কমিটিগুলোর সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, গত এক দশকে সাড়ে ৩৫০ মামলায় বিএনপির প্রায় ২৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। যার একটি বড় অংশ এতদিন কারাগারে আটক ছিলেন। কিন্তু আইনি সহায়তার মধ্য দিয়ে তাদের জামিনে বের করে আনা হয়েছে। তারা এখন নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সঙ্গে নতুনদেরও আনছেন।
জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন দাবি করেছেন, সরকারের অপশাসনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাদের নিয়েই আগামীতে বড় আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন। মামলা দিয়ে কারাগারে আটক করে আর আন্দোলন দমিয়ে রাখা যাবে না।



