
চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণে ২০৩০ সালে মুসলিম বিশ্বে দুবার পবিত্র রমজান মাস আসার সম্ভাবনা রয়েছে। ফলে ওই বছরে মোট ৩৬টি রোজা রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি জানান, ইংরেজি (সৌর) বছর ও ইসলামিক (চন্দ্র) বছরের মধ্যে প্রায় ১১ দিনের পার্থক্যের কারণে এই ঘটনা ঘটে। চন্দ্র বছরের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়, যা সৌর বছরের তুলনায় ছোট।
তিনি বলেন, এই পার্থক্যের ফলে প্রতি বছর রমজান প্রায় ১০-১১ দিন এগিয়ে আসে। এ ধারাবাহিকতায় ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরের মধ্যে দুবার রমজান পড়বে।
তথ্য অনুযায়ী, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হতে পারে ৫ জানুয়ারি, যা ৩০ দিন পূর্ণ হয়ে শেষ হবে ফেব্রুয়ারির শুরুতে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে আবারও নতুন রমজান মাস শুরু হবে। ফলে ডিসেম্বরের শেষ কয়েক দিনে আরও ছয়টি রোজা পড়বে। সব মিলিয়ে ওই বছরে মোট ৩৬টি রোজা পালন করবেন মুসলমানরা।
এদিকে, গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২০৩৩ সালেও অনুরূপ পরিস্থিতি দেখা যেতে পারে। সে বছর দুবার পূর্ণ রমজান মাস পড়ার সম্ভাবনা রয়েছে এবং মোট তিনটি ঈদ উদযাপিত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং ইতিহাসেও এমন ঘটনা আগে ঘটেছে। চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণে নির্দিষ্ট সময় পরপর এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়।
সূত্র: বার্তা বাজার



