
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ একটি দিন। সপ্তাহের ঈদের দিন হিসেবে পরিচিত এ দিনের গুরুত্ব ইসলামে অপরিসীম। পবিত্র কুরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ সম্মান, মর্যাদা এবং এ দিনে পালনীয় বিভিন্ন আমলের কথা উল্লেখ করা হয়েছে।
হজরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে। আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি। আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন।’ (মুসলিম, হাদিস ৮৫৬)
জুমার নামাজ আদায়
জুমার দিনের অন্যতম প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা। এ নামাজের মাধ্যমে বিশেষ সওয়াব অর্জনের পাশাপাশি গুনাহ মাফের সুযোগ রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে; যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে।’ (মুসলিম, হাদিস ২৩৩)
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল; তাহলে আল্লাহ তায়ালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।’ (বোখারি, হাদিস ৮৮৩)
জুমার দিন গোসল করা
জুমার দিন গোসল করা অন্যতম সুন্নত ও ফজিলতপূর্ণ আমল। গোসল করে পরিচ্ছন্ন অবস্থায় মসজিদে যাওয়া এবং খুতবা মনোযোগ দিয়ে শোনার বিশেষ সওয়াব রয়েছে।
হজরত আউস বিন আউস সাকাফি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুততর সময়ে মসজিদে গেল ও (ইমামের) কাছাকাছি বসে মনোযোগসহ (খুতবা) শুনল, তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে।’ (আবু দাউদ, হাদিস ৩৪৫)
সবার আগে মসজিদে যাওয়া
জুমার নামাজের জন্য আগেভাগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে এ আমলের সওয়াবকে কোরবানির সঙ্গে তুলনা করা হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করল। যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কোরবানি করল। আর যে এরপর ঢুকল, সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে যেন ডিম সদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে।’ (বোখারি, হাদিস ৮৪১)
জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময়
জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। হাদিসে ওই সময়ের সন্ধান করতে বলা হয়েছে, বিশেষ করে আসরের পরের সময়টিতে।
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস ১০৪৮)
হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস ১০৪৮)
সুরা কাহাফ পাঠের ফজিলত
জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহাফ পাঠ করা। এ সুরা পাঠের মাধ্যমে দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হওয়ার ফজিলত বর্ণিত হয়েছে।
হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে।’ (তারগিব, হাদিস ১৪৭৩)
এ ছাড়া সুরা কাহাফের শেষ ১০ আয়াত পাঠের ফজিলতও হাদিসে উল্লেখ রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য এ আয়াতগুলো পাঠের কথা বলা হয়েছে।
বেশি বেশি দরুদ শরিফ পাঠ
জুমার দিনে রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা বিশেষ ফজিলতপূর্ণ আমল।
হজরত আউস বিন আবি আউস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙায় ফুঁ দেওয়া হবে এবং এই দিনে সবাইকে বেহুঁশ করা হবে। অতএব, তোমরা এই দিনে আমার ওপর বেশি পরিমাণ দরুদ পড়ো। কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’
সাহাবারা বললেন, আমাদের দরুদ আপনার কাছে কীভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন।’ (আবু দাউদ, হাদিস ১০৪৭)
জুমার দিনের অন্যান্য আমল
হাদিসগুলো থেকে জুমার দিনে আরও কিছু আমলের গুরুত্ব জানা যায়। এর মধ্যে রয়েছে নখ কাটা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, উত্তমভাবে গোসল করা, ভালো পোশাক পরিধান করা এবং সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করা।
এরপর মসজিদে গিয়ে অন্য মুসল্লিদের গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, নির্ধারিত নামাজ আদায় করা এবং ইমাম খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে শোনা ও চুপ থাকা।
হাদিসে এসব আমলের মাধ্যমে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের ছোট গুনাহগুলো মাফ হওয়ার কথা বর্ণিত হয়েছে। (আবু দাউদ, হাদিস ৩৪৩)
নারীদের শুক্রবারের আমল
শুক্রবারের ফজিলত ও আমল নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নারীরাও গোসল করা, বেশি বেশি দরুদ পাঠ, সুরা কাহাফ তিলাওয়াত, নখ কাটা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মতো আমল করতে পারেন।
তবে নারীরা সাধারণত জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘নারীদের ঘরে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম।’ (আল-মুজামুল আওসাত, হাদিস ৯১০১)
আরেকটি হাদিসে এসেছে, ‘নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ।’ (মুসনাদে আহমদ, হাদিস ২৬৫৪২)
এ ছাড়া নারীরা অন্যদের সৎপথের দিকে আহ্বান করা এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার মাধ্যমে সওয়াব অর্জন করতে পারেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সওয়াব পাবে; অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে, যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে। তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। (আবু দাউদ, হাদিস ৪৬০৯)



