
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় আজ রবিবার (৮ নভেম্বর) রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা বা কালীপূজা। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৫টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ সম্পন্ন করেছেন আয়োজকরা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীপাবলি ও শ্যামাপূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার আদমদীঘি উপজেলায় মোট ৩৫টি মণ্ডপের মধ্যে ২৩টি সার্বজনীন এবং ১২টি পারিবারিক মণ্ডপে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ৫টি সার্বজনীন ও ৪টি পারিবারিক, সান্তাহার পৌরসভায় ৯টি সার্বজনীন ও ১টি পারিবারিক, সান্তাহার ইউনিয়নে ২টি সার্বজনীন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ২টি সার্বজনীন ও ২টি পারিবারিক, নশরতপুর ইউনিয়নে ৩টি সার্বজনীন ও ১টি পারিবারিক, কুন্দগ্রাম ইউনিয়নে ৩টি সার্বজনীন ও ১টি পারিবারিক এবং চাঁপাপুর ইউনিয়নে ২টি সার্বজনীন ও ১টি পারিবারিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, দেবী শ্যামা বা মা কালীর আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির প্রতিষ্ঠা এবং ভক্তদের মঙ্গল কামনা করা হয়। দীপাবলির আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার দূর করে আলো, শান্তি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের অন্যতম তাৎপর্য।
তারা আরও জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস।



