ধর্ম
প্রধান খবর

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, ২৬ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নিবন্ধন

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের জন্য আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রোববার (৭ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। পরে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ তুলে দেন।

রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এদিকে, সৌদি আরবে হজসংক্রান্ত বিভিন্ন সেবার ব্যয় পরিশোধের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয় জানায়, নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনার হোটেল, ক্যাটারিং এবং পরিবহন সেবাসহ সামগ্রিক সেবা প্যাকেজ গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।

এছাড়া, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button