ধর্ম

রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। মধ্যপ্রাচ্যে যদি ওই দিন রমজান শুরু হয়, তাহলে বাংলাদেশে রোজা শুরু হওয়ার সম্ভাবনা ২০ ফেব্রুয়ারি।

প্রাথমিক অনুমান অনুযায়ী, মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে এখনো প্রায় ১৩৫ দিন বাকি।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে (ইউএই সময়) রমজানের চাঁদ জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় তা দেখা সম্ভব হবে না। তাই ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হওয়ার সম্ভাবনা বেশি, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।

আল জারওয়ানের তথ্যমতে, রমজানের শুরুর দিকে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষ দিকে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সময়ে দিনের আলোর সময়ও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট হবে।

তিনি আরও জানান, মাসের শুরুতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা শেষের দিকে বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। শুরুতে উত্তর দিকের ঠান্ডা বাতাস প্রবাহিত হলেও মাসের শেষ দিকে বসন্তের আবহ ও পশ্চিমা বাতাসের প্রভাব বৃদ্ধি পাবে।

আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি গড় অনুযায়ী এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

তথ্যসূত্র: ইনকিলাব

এই বিভাগের অন্য খবর

Back to top button