
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ বাবলা (৫০)। তিনি রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পূর্ব পাশে একটি ফাঁকা জমিতে যান বাবলা। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এটি একটি বজ্রপাতে মৃত্যুজনিত অপমৃত্যুর ঘটনা। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করেছেন। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বজ্রপাতজনিত এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খোলা মাঠে কাজ করা কৃষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানান স্থানীয়রা।



