
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবক এবং রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পিষ্ট হওয়া অজ্ঞাত পরিচয়ের পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে পৃথক ঘটনা দুটি জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম।
এর আগে এদিন ভোর ৬টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া গ্রামের বগুড়া-নাটোর মহাসড়কের ধারে হৃদয় (৩০) নামে এক যুবকের কম্বলে মোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামে রতন মণ্ডলের ছেলে।
আর শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার সুজাবাদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে রাস্তায় অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৫০) পিষ্ট হওয়া মরদেহ মিলে।
পুলিশ জানায়, জোড়া গ্রামের তালতলা এলাকার প্রামানিক খাবার হোটেলের উত্তর পার্শ্বে বগুড়া-নাটোর মহাসড়কের ধারে কম্বল গায়ে শুয়ে থাকা অবস্থায় একজন ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ খোঁজ খবর করে মৃতের বোন শ্রীমতি চাপা রানীর সঙ্গে যোগাযোগ করে। তারা এসে মৃতের নাম-পরিচয় নিশ্চিত করেন।
মৃতের স্বজনদের দাবি, হৃদয় মানসিক ভারসাম্যহীন। গত ১৮ নভেম্বর গাইবান্ধায় হৃদয়কে তার এক আত্মীয়ের হোটেলে কাজ করার জন্য পাঠানো হয়। কিন্তু তিনি ২১ নভেম্বর সেখান থেকে ট্রেন যোগে রাজশাহী ফেরার জন্য রওয়ানা দেন। পথে বগুড়া রেল স্টেশনে নেমে পড়েন।
ওসি শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খোঁজ করে জানা গেছে, হৃদয়কে গতকাল রাত ৮ টার দিকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।
এ ঘটনায় হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওসি শফিকুল ইসলাম বলেন, রাতে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হওয়া নিহতের ঘটনায় ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।



