শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আনোয়ার জাহিদ মিলন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে হামছায়াপুর কাঁঠালতোলা তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
নিহত আনোয়ার জাহিদ মিলন গাইবান্ধা জেলার খাদুল্লাপুর গ্রামের সোবাহানের ছেলে ও আহত মামুন একই এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদ করার জন্য দু’বন্ধু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কাঁঠালতোলা এলাকায় পৌঁছলে একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলাসহ দু’বন্ধু রাস্তায় পড়ে যায়। এতে মামুনের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত মামনুকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



