প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে এক মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকাব্বর হোসেন (৪২) কাফুড়া পূর্বপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামে বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, আকাব্বর হোসেন পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিলেন। তার এ ব্যবসার কার্যক্রম বাড়ানোর জন্য সাতমাস আগে একই গ্রামের আজিবর হোসেন ও রানু বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের ওপর ঋণ নেন আকাব্বর হোসেন। প্রতি মাসে চার হাজার করে সুদের টাকা পরিশোধ করে আসছিলেন তিনি। কিন্তু জুন মাসে ব্যবসা মন্দার কারণে তাদের সুদের টাকা না দিলে তার ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দুই দাদন (সুদ) ব্যবসায়ী।

নিহত ব্যক্তির মেয়ে জামাই শামিম হোসেন অভিযোগ করে বলেন, ‘৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে বকেয়া সুদের টাকা নিতে আজিবর ও রানু বেগম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসেন। এরপর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে কয়েকশ গজ দূরে মজনুর বাড়ি কাছে নিয়ে যান। সেখানে সুদের টাকা পরিশোধ করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমার শ্বশুরকে বেধড়ক মারপিট করে দ্রুত পালিয়ে যান তারা।

স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ঘটনার ন্যায়বিচার প্রার্থনা করেন তিনি।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আজিবর হোসেন ও রানু বেগম পলাতক।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, নিহত ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button