শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় যুবক আটক

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে ইভটিজিং করায় আলী হাসান (২৭) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয় মেইন গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আলী হাসান বগুড়া সদর উপজেলার চিঙ্গাসপুর এলাকার মিলন মিয়ার ছেলে। সে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জুড়ি মাঝপাড়া গ্রামের মোখলেছার রহমানের ঘরজামাই।

জানা যায়, শিবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত থাকাকালীন সময়ে কলেজে যাওয়া আসার সময় ওই কলেজ ছাত্রীকে আলী হাসান কুপ্রস্তাব, প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করতো। ৫ ডিসেম্বর ওই ছাত্রী শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয়ে এইচএসসির যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে আনুমানিক বেলা সাড়ে ১১ টায় শিবগঞ্জ এমএইচ মহাবিদ্যালয়ের মেইন গেটের সামনে এসে আলী হাসান ও অজ্ঞাত এক যুবক তাকে জোর করে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে।

এ সময় ওই কলেজ ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে কলেজ ছাত্রীকে উদ্ধার করে এবং আলী হাসানকে আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে শিবগঞ্জ থানা পুলিশ এসে আলী হাসানকে থানায় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ঐ পরীক্ষার্থীর মা বাদী হয়ে আলী হাসান ও অজ্ঞাত এক যুবকের নামে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী ঐ পরীক্ষার্থীর মা বাদী হয়ে আলী হাসান ও অজ্ঞাত এক যুবকের নামে থানায় এজাহার দায়ের করায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button