বগুড়ায় আন্ডারওয়্যারে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে আন্ডারওয়্যারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল খুলনা জেলার সোনাভাঙ্গা থানার হাফিজ নগর এলাকার মৃত নূরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছে, মাদকের একটি চালান পাচারের তথ্যের ভিত্তিতে উপপরিচালক মোঃ জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা জামালের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল তার কাপড়ের ব্যবসা রয়েছে বলে জানায়। পাশাপাশি সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দাবি করেছে। তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জিললুর রহমান জানান, ইয়াবার এই চালানের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলবে।



