ক্রিকেটখেলাধুলা

শ্রীলংকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ হলো বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাসের দল আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে মাত্র ১৩৯ রান। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় দ্রুত আউট হয়ে যান। লিটন দাস (২৬ বলে ২৮) চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে জাকের আলি (৪১*) ও শামীম পাটোয়ারির (৪২*) জুটিতে ভর করে সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও স্বস্তিতে থাকে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৩৪ বলে করেন ৫০ রান। তার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কামিল মিশারা। পরে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত ফিরলেও মিশারার দৃঢ়তায় জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান নেন ২ উইকেট, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব নেন ১টি করে। জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে –০.৬৫০ এ।

আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কানরা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচ হয়ে যাবে বাংলাদেশের জন্য নকআউট। হারলেই বিদায়, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button