ক্রিকেট
প্রধান খবর

বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের দারুণ সূচনা

শারমিন আক্তারের প্রথম ফিফটিতে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারাল বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি ৩৯ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন, যা নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোবহানা মোস্তারি, যিনি ২৯ বলে করেন ৩২ রান।

বাংলাদেশের লড়াকু পুঁজি

টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৯ রান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহি মাধাভান-তিনি নেন তিন উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।

রিতু-নাহিদার তোপে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র

জবাবে খেলতে নেমে যুক্তরাষ্ট্র ভালো শুরু করেছিল। ৯ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ৫৫। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিতু মনি। এই মিডিয়াম পেসার এক ওভারের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যার মধ্যে ছিলেন সেট ব্যাটার চেতনা পাগ্যাদ্যালা। তিনি ৩১ বলে করেন ৩৬ রান। তখন যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৬৮ রানে ৪ উইকেট।

শেষ দিকে রিতু সিং ঝুঁকি নিয়ে ব্যাট করেন। ১৩ বলে ৩৩ রানের তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। তবে ১৮তম ওভারে তাকে ফেরান নাহিদা আক্তার। একই ওভারে তিনি গীতিকা কোডালিকে শূন্য রানে স্টাম্পড করেন এবং পরের দুই বলের ব্যবধানে ফেরান তারান্নুম কোপ্রাকেও, যিনি ১০ বলে করেন ১০ রান।

নাহিদা আক্তার শেষ পর্যন্ত ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। রিতু মনি নেন ৩ উইকেট এবং রাবেয়া খাতুন নেন ২ উইকেট। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে।

সামনে পাপুয়া নিউগিনি

এই জয়ে গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী শুরু পেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার কীর্তিপুরে পাপুয়া নিউগিনি নারী ক্রিকেট দলর বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button