ক্রিকেট
প্রধান খবর

বগুড়ার সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসের মা আর নেই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসের মা সাজেদা বেগম (৬২) ইন্তেকাল করেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

সাজেদা বেগম বগুড়া মহানগরীর জয়পুরপাড়া এলাকার জাহিদুল ইসলাম হেলালের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে সাজেদা বেগমকে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় বগুড়া মহানগরীর জয়পুরপাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শফিউল ইসলাম সুহাস বাংলাদেশের জাতীয় দলের সাবেক ডানহাতি পেসার। ১৯৮৯ সালের ৬ অক্টোবর বগুড়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১০ সালে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ জুটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছে।

মায়ের মৃত্যুতে শফিউল ইসলাম সুহাস ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে শফিউলের পরিবার।

এই বিভাগের অন্য খবর

Back to top button