
যুক্তরাষ্ট্রের অধিনায়ক টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর পর থেকেই আলোচনা ছিল-ভারত কত রানে থামবে। কিন্তু ম্যাচ শুরু হতেই চিত্রটা উল্টো হয়ে যায়। মাত্র ৮ রানে প্রথম উইকেট, ৪৬ রানে চতুর্থ এবং ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় বিপদেই পড়ে যায় ভারত।
ঠিক তখনই ত্রাতার ভূমিকায় নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অসাধারণ দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি খেলেন ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। তাঁর ওপর ভর করেই ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলতে সক্ষম হয়। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন তিলক বর্মা।
যুক্তরাষ্ট্রের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত শ্যাডলি ফন শাল্কভিক। পেস বোলিং অলরাউন্ডারটি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ইশান কিষান, তিলক বর্মা ও শিবম দুবের উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখেন তিনি।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র শুরুতেই বিপর্যয়ে পড়ে। ১৩ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস গুছিয়ে তোলার চেষ্টা করেন মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। চতুর্থ উইকেটে তাঁদের জুটিতে আসে ৫৮ রান। তবে এই জুটি ভাঙার পর আর কেউ উইকেটে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানেই থামে।
ভারতের বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল দুজনই নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৬১/৯ (২০ ওভার)
সূর্যকুমার যাদব ৮৪*, তিলক বর্মা ২৫, ইশান কিষান ২০, অক্ষর প্যাটেল ১৪
শ্যাডলি ফন শাল্কভিক ৪/২৫, হারমিত সিং ২/২৬
যুক্তরাষ্ট্র: ১৩২/৮ (২০ ওভার)
রানজানে ৩৭, সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৭, মিলিন্দ কুমার ৩৪
মোহাম্মদ সিরাজ ৩/২৯, অর্শদীপ সিং ২/১৮, অক্ষর প্যাটেল ২/২৪
ম্যাচসেরা: সূর্যকুমার যাদব
তথ্যসূত্র: প্রথম আলো



