
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে রোববার আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আজই তার দেশে ফেরার সূচি রয়েছে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনে উত্তেজনার পেছনে রয়েছে একাধিক ঘটনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল, দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
তবে আইসিসি এ প্রস্তাবে সায় দেয়নি। সংস্থাটি জানায়, বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এই অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনরায় জানানো হলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে।
এদিকে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। পিসিবির এই অবস্থানের ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে পুরো পরিস্থিতি নিয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
তথ্যসূত্র: বণিক বার্তা



