ক্রিকেট
প্রধান খবর

ইতালিকে ৭৩ রানে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু স্কটল্যান্ডের

বিশ্বকাপ বাছাইয়ে ইতালির কাছে হারের প্রতিশোধ মূল পর্বেই নিল স্কটল্যান্ড। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে ৭৩ রানের বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে জর্জ মানসি ও মাইকেল জোন্স যোগ করেন ১২৬ রান। মানসি ৫৪ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৮৪ রান করেন। জোন্স ৩০ বলে করেন ৩৭ রান। তাদের বিদায়ের পর ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। অধিনায়ক রিচি বিরিংটনের সঙ্গে চার ওভারে ৪৮ রানের জুটি গড়ে তোলেন তিনি। শেষ দিকে মাইকেল লিস্কের ২২ রানের ক্যামিওতে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্কটিশরা। ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

২০৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইতালি। বেন মানেন্তির ৫২ ও হ্যারি মানেন্তির ৩৭ রানের প্রতিরোধ সত্ত্বেও ইনিংস বড় করতে পারেনি তারা। মাইকেল লিস্কের ঘূর্ণিতে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইতালি। ফিল্ডিংয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারেননি দলটির অধিনায়ক ওয়েন ম্যাডসেন।

ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও দুর্দান্ত ছিলেন মাইকেল লিস্ক। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে শক্ত বার্তা দিয়ে যাত্রা শুরু করল স্কটল্যান্ড।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button