ক্রিকেট
প্রধান খবর

৬৫ রানের ব্যবধান দরকার ছিল, জিতেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

৬৫ রানের বড় ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনালে ওঠা সম্ভব নয়-এই সমীকরণ জানা ছিল পাকিস্তান দলের। সেই লক্ষ্য নিয়েই পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহানফখর জামান। তবে শেষ পর্যন্ত সমীকরণ মেলেনি। ম্যাচ জিতলেও নেট রান রেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড

পাল্লেকেল্লেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা পায় পাকিস্তান। পাওয়ার প্লেতে ওঠে ৬৪ রান। মাত্র ৯.৫ ওভারে দলীয় শতক পূর্ণ হয়। ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ১৫০ রান তুলে লঙ্কান বোলারদের ওপর পুরো নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।

ফারহান ও ফখর মিলে গড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৭৭ রানের উদ্বোধনী জুটি। ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফখর জামান। ৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ইনিংস শেষ হয় দুশমন্থ চামিরার বলে বোল্ড হয়ে।

অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান ফারহান। ৫৯ বলে তুলে নেন এই আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি শতক হাঁকানো প্রথম ব্যাটার এখন তিনি। শেষ পর্যন্ত ঠিক ১০০ রানে আউট হন এই ওপেনার। চলতি আসরে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৩৮৩ রান, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

তবে দুর্দান্ত শুরুটা বড় সংগ্রহে রূপ দিতে পারেনি পাকিস্তান। ইনিংসের শেষদিকে হঠাৎ ধস নামে। শেষ ৩৪ রানে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান তোলে তারা।

২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ৮ রানে ফেরেন পাথুম নিশাঙ্কা। ৭৫ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। স্পিনার আবরার আহমেদ ছিলেন দারুণ কার্যকর, তুলে নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ নওয়াজ।

তবুও ম্যাচ থেকে ছিটকে যায়নি শ্রীলঙ্কা। পাভান রত্নায়েক ও অধিনায়ক দাসুন শানাকা গড়েন ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩৭ বলে ৫৮ রান করে রত্নায়েক আউট হলেও শানাকা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত।

শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৬ রান। শানাকার ঝড়ো ব্যাটিং ম্যাচে উত্তেজনা ছড়ালেও লক্ষ্য ছোঁয়া হয়নি। ৮ ছক্কা ও ২ চারে ৩১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করে শ্রীলঙ্কা।

৫ রানের জয় পেলেও প্রয়োজনীয় বড় ব্যবধানে জিততে না পারায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button