কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৫৩তম জন্মদিন আজ

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার ৫৩ বছরে পা দিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবার ও ভক্তদের সঙ্গে বিশেষ এই দিনটি উদযাপন করেন তিনি।
জন্মদিনের শুরুতেই পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটান টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্ত্রী অঞ্জলী টেন্ডুলকার, মা এবং পোষা কুকুরের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু, এর চেয়ে বেশি আর কী চাই!’
এদিকে, প্রিয় ক্রিকেটারের জন্মদিন ঘিরে সকাল থেকেই তার বাসার সামনে জড়ো হন শত শত ভক্ত। তাদের সামনে কেক কাটেন ‘মাস্টার ব্লাস্টার’। ভক্তদের সঙ্গে সেলফি তোলেন, অটোগ্রাফও দেন তিনি।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ৩৪,৩৫৭। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সর্বাধিক সেঞ্চুরির মালিকও তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ৭৯ ম্যাচ পর্যন্ত ওয়ানডে সেঞ্চুরির দেখা না পেলেও পরে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড।
২২ বছরেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে টেন্ডুলকার খেলেছেন রেকর্ড ২০০টি টেস্ট ম্যাচ। এই ফরম্যাটে তার রান ১৫,৯২১, সেঞ্চুরি ৫১টি-যা এখনো সর্বোচ্চ।
ওয়ানডে ক্রিকেটেও তার আধিপত্য ছিল স্পষ্ট। ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরি করে গড়েন অনন্য নজির, যা এখনো কেউ ছুঁতে পারেনি।
সব ফরম্যাট মিলিয়ে টেন্ডুলকারের ঝুলিতে রয়েছে ৭৬টি প্লেয়ার অব দ্য ম্যাচ, ২৬৪টি হাফ-সেঞ্চুরি, ৪,০৭৬টি চার এবং ২৮ বার নব্বইয়ের ঘরে আউট হওয়ার রেকর্ড।
ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং এক আবেগের নাম। ‘ক্রিকেটের ঈশ্বর’ হিসেবে পরিচিত এই কিংবদন্তি এখনো কোটি ভক্তের অনুপ্রেরণা হয়ে আছেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



