
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬.৭৫ গড়ে ও ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে গত বছরের এপ্রিলে এই পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স ভালো ছিল না। এক উইকেট নিতে তিনি খরচ করেন ক্যারিয়ারসর্বোচ্চ ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩২ রানে ৫ উইকেট নেন। এটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। চট্টগ্রামে শেষ ম্যাচে আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজে সমান ৮ উইকেট নিয়েছিলেন নাহিদ। সেই সিরিজেই প্রথমবারের মতো এক ম্যাচে ৫ উইকেট পান তিনি। পরে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও ফাইফার তুলে নিয়ে বাংলাদেশকে ১০৪ রানের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করার পর আইসিসি মাসসেরা নির্বাচিত হওয়া সত্যিই দারুণ অনুভূতির।”
তিনি আরও বলেন, “নিজেদের মাঠে এমন সাফল্য পাওয়ায় সিরিজটি আরও বিশেষ হয়ে উঠেছিল এবং এটি এমন একটি সিরিজ, যা আমি সবসময় মনে রাখব।”
সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, “পুরো সময়জুড়ে আমার সতীর্থদের অবিচল সমর্থন ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি, ভবিষ্যতেও দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে পারব।”
তথ্যসূত্র: সময় নিউজ
