ক্রিকেট
প্রধান খবর

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

শেষ ওভার পর্যন্ত জমে ছিল লড়াই। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৫ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব তুলে দেন দলের অন্যতম সেরা পেসার মারুফা আক্তারের হাতে। কিন্তু প্রথম বলেই বাউন্ডারি হাঁকান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পরের বলে এক রান নিয়ে চার্লি ট্রায়ন জয়ের সমীকরণ মিলিয়ে দিলে ৪ উইকেটের নাটকীয় হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

রোববার লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় টাইগ্রেসরা। গোল্ডেন ডাক মারেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজ নেহারও ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ১ রান করে ফিরলে ১৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার ৬২ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। দলীয় ৭০ রানে শারমিন এবং ৭৭ রানে সোবহানা আউট হন। শারমিন ২৯ বলে ২২ এবং সোবহানা ৪৮ বলে ৪২ রান করেন।

ছয় নম্বরে নেমে স্বর্ণা আক্তার করেন ৪ রান। এরপর ইনিংসের শেষ ১১ বলে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির ব্যাটে আসে ২২ রান। নিগার ২০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৩২ রান করেন, আর রিতু মনি ১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা নেন ২ উইকেট।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মারুফা আক্তারের দুর্দান্ত ডেলিভারিতে গোল্ডেন ডাক মেরে বোল্ড হন অধিনায়ক লরা উলভার্ট।

তবে এরপর তাজমিন ব্রিটস ও আনিরি ডার্কসেন ৫২ রানের জুটি গড়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৭ রানের ব্যবধানে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। ব্রিটস করেন ২০ এবং ডার্কসেন ৪৫ রান।

এরপর ভ্যান নির্কাক ৪ রান করে সানজিদা আক্তার মেঘলার শিকার হন। মারিজানে কাপ্প ১৬ রান করে রানআউট হলে ম্যাচে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ ১৫ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। কিন্তু মারুফার করা প্রথম বলেই আসে বাউন্ডারি। পরের বলে এক রান নিয়ে চার্লি ট্রায়ন দলের জয় নিশ্চিত করেন। ফলে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি এবং মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button