
অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ম্যাচ শুরুর চার দিন আগেই ম্যাকেইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।
আগামী ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকেই শহরে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট আয়োজন করতে যাচ্ছে ম্যাকেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের প্রথম দিনের সব সাধারণ টিকিট এবং করপোরেট প্যাকেজ বিক্রি হয়ে গেছে। তবে দ্বিতীয় দিনসহ পরবর্তী দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
ম্যাকেই টেস্ট নিয়ে দর্শকদের এমন আগ্রহে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তিনি বলেন, ‘নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি মানুষের এই উৎসাহ দেখে আমরা আনন্দিত। ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট প্রথম বল হওয়ার আগেই শেষ হয়ে যাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ ফিরেছে, আর ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হচ্ছে। নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডের মানুষ এবং সারা অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে।’
এর আগে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ঐতিহাসিক ওই জয়ের পর ম্যাকেই টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়।
এখন সিরিজ সমতায় ফেরাতে দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ম্যাকেইতেই সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের।
তথ্যসূত্র: ইত্তেফাক



