
বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন কুমার দাস। সোমবার আবুধাবি টেস্টের চতুর্থ দিনে এ কীর্তি গড়েন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
লিটনের আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের বেশি করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাঁদের মধ্যে মুশফিকুর রহিমের রান ১৬ হাজার ২৫২, তামিম ইকবালের ১৫ হাজার ১৯২, সাকিব আল হাসানের ১৪ হাজার ৭৩০ এবং মাহমুদউল্লাহর ১১ হাজার ৪৭।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে টাইগাররা। দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেন আফগানিস্তানের দুই স্পিনার কায়েস আহমেদ ও জিয়াউর রহমান।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন। দুই স্পিনারকেই বাউন্ডারি হাঁকান তিনি। তবে কায়েস আহমেদের বলে দুবার জীবনও পেয়েছেন এই ব্যাটার।
ব্যক্তিগত ১৪ রানে অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন লিটন। কিন্তু শহিদউল্লাহ কামাল সেই ক্যাচ নিতে পারেননি। পরে ২৬ রানে কায়েসের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে জোরালো শট খেলেন লিটন। ফিরতি ক্যাচ নেওয়ার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেননি বোলার।
এদিকে বাংলাদেশের লিড ইতিমধ্যে সাড়ে তিনশ রান ছাড়িয়েছে। লিটনের ব্যাটে ভর করে দল কতদূর এগোতে পারে, এখন সেটিই দেখার বিষয়।



