
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বাজারজাত এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জানাগেছে, বড় কুতুবপুর এলাকায় অবস্থিত রুপা ব্রেড এন্ড বিস্কুট কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।
অন্যদিকে, উপজেলা রোড এলাকার গোল্ডেন ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে খাবার তৈরিতে ব্যবহার নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংকস ‘রেড বুল’ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রুপা ব্রেড এন্ড বিস্কুট কারখানাকে ৩০ হাজার টাকা এবং গোল্ডেন ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল।



