ক্রিকেটখেলাধুলা

আজ মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

আসন্ন বিশ্বকাপে আত্মবিশ্বাসী হতে সফরকারী নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। একই ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে।

এশিয়া কাপে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু সুপার ফোর পর্বের শেষ ম্যাচে আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে স্মরণীয় সাফল্য অর্জন করে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বিসিবি। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

বিশ্বকাপের আগে এই সিরিজটি তামিমের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে জাতীয় দলে নিজেদের সুযোগ তৈরি করতে পারে এমন কিছু খেলোয়াড়দের নিয়ে এ সিরিজের জন্য দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডও নিজেদের প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। আপাত দৃষ্টে মনে হচ্ছে উভয় দলই এমন কিছু খেলোযাড় রেখেছে যারা ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে জ্বলে ওঠার পাশাপাশি বিশ্বকাপ দলে সুযোগের জন্য নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করে তোলা।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। তার মতে, দল না জিতলে ব্যক্তিগত পারফরম্যান্স তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘আপনি পাঁচ উইকেট নিতে পারেন বা সেঞ্চুরি করতে পারেন, কিন্তু ম্যাচ হেরে গেলে এমন পারফরম্যান্স গুরুত্বপূর্ণ নয়।’ তিনি আরো বলেন, ‘দেশের জন্য দলের হয়ে সিরিজ জয় করার চেয়ে বড় কিছু নেই। সিরিজ জয়ের জন্যই আমরা লড়াই করবো। আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই।’

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button