
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ২২ বছর ৪ মাসের ক্যারিয়ার নিয়ে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েন ৪০ বছর বয়সী টেলর। তার ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব এখন ২২ বছর ৪ মাস।
এতদিন রেকর্ডটি ছিল শচীনের দখলে। ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় শচীনের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৩ মাস।
তবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো শচীনের দখলেই। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। একই সঙ্গে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও শচীনের।
২০০৪ সালে জিম্বাবুয়ের ক্রিকেটে নিজের প্রতিভার জানান দেন টেলর। এরপর দেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন তিনি। মঙ্গলবারের ম্যাচে মাঠে নামার আগে ২০৭ ওয়ানডেতে তার নামের পাশে ছিল ১১টি সেঞ্চুরি, যা জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ।
তবে টেলরের ক্যারিয়ারে এসেছে নাটকীয় বিরতিও। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরের বছর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেলর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।



