এনসিএল দিয়ে শুরু ঘরোয়া ক্রিকেট মৌসুম, ৭ অক্টোবর সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ

চার দিনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হবে ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মৌসুম। এর অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর শুরু হবে ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ। ঢাকার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ম্যাচ।
বিকেএসপি, পিকেএসপি, বসুন্ধরাসহ ঢাকার পাঁচটি ভেন্যুতে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো আয়োজন করা হবে। আরও বেশি সংখ্যক খেলোয়াড়কে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া এবং জাতীয় দলের কাঠামোর বাইরে থাকা ও নিচের স্তরের লিগের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য বাড়তি একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য।
জাতীয় দল ও প্রতিষ্ঠিত ঘরোয়া প্রতিযোগিতার বাইরে থাকা খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে গত এপ্রিলে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ চালুর ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
জাতীয় দলের খেলোয়াড়রা নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও এনসিএলের মতো একাধিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। অন্যদিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের নিজ নিজ লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তুলনামূলকভাবে কম। সেই ঘাটতি পূরণে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপকে বাড়তি একটি মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে চার দিনের এনসিএলের ২৮তম আসরের পূর্ণাঙ্গ সময়সূচি গত বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আটটি বিভাগীয় দল নিয়ে আগামী ৩ অক্টোবর আটটি ভেন্যুতে শুরু হবে এই প্রতিযোগিতা। প্রায় দুই মাস ধরে চলার পর ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
এনসিএলের এবারের আসরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা।
একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা লড়বে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী।
তথ্যসূত্র: ইত্তেফাক



