ফুটবল
প্রধান খবর

এশিয়া কাপে হার দিয়ে বাংলাদেশের অভিষেক, চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীন-এর কাছে ২-০ গোলে হারলেও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ নারী দল।

মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল হজম করে লাল-সবুজ জার্সিধারীরা। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না খেয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

এই ম্যাচে নিয়মিত গোলকিপার রুপনা চাকমার বদলে মিলি আক্তারকে একাদশে রাখেন কোচ পিটার বাটলার। রক্ষণভাগে পাঁচ ডিফেন্ডার খেলান তিনি-শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন সামলান ডিফেন্স।

আগের দিন কোচ বলেছিলেন, দলকে রক্ষণাত্মকভাবে ‘পার্কিং দ্য বাস’ করতে চান না। তবে ম্যাচে পাঁচ ডিফেন্ডার নামিয়ে গোল বাঁচানোকে অগ্রাধিকার দেন তিনি। কৌশলগতভাবে তা সফলও হয়, বিশেষ করে দ্বিতীয়ার্ধে গোলবার অক্ষত রাখায়।

নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সম্মানজনক ব্যবধানে হারলেও হতাশ নয় বাংলাদেশ শিবির। শেষ বাঁশি বাজার পর কোচ খেলোয়াড়দের করতালি দিয়ে অভিনন্দন জানান।

মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে চীনের অবস্থান ১৭ নম্বরে, আর বাংলাদেশের ১১২।

গ্রুপ পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আগামী ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button