
মৌসুমের শেষ এল ক্লাসিকোতে খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। পেশির টানজনিত চোটের কারণে রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডে রাখেনি এই ফরাসি ফরোয়ার্ডকে। রোববার (১০ মে) বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটি মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
এর আগে দলের দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অঔরেলিয়ে চৌয়ামেনির মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময়ও আলোচনায় আসে।
জানা গেছে, গত ২৪ এপ্রিল বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। শনিবার (৯ মে) তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারেননি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে তাকে।
চোটের মধ্যেই বান্ধবী, স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোকে নিয়ে ইতালির সার্দিনিয়া সফরে যাওয়ায় সমালোচনার মুখেও পড়েছেন এই তারকা।
এদিকে বৃহস্পতিবার (৭ মে) নতুন বিতর্ক তৈরি হয়। সেদিন ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে ভালভার্দে ও চৌয়ামেনির উত্তপ্ত কথাকাটাকাটির পর এমবাপ্পেকে হাসতে হাসতে সেখান থেকে বের হতে দেখা যায়। শুক্রবারও তার অনুশীলনে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলে।
তবে কোচ আলভারো আরবেলোয়া বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তার ভাষায়, অনুশীলনের পর একজন খেলোয়াড়কে হাসতে দেখা স্বাভাবিক বিষয় এবং সেটিকে বাড়িয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “সব মাদ্রিদ সমর্থকই জানেন, নিজের স্বপ্নের ক্লাবে খেলতে এমবাপ্পে কতটা ত্যাগ স্বীকার করেছেন।”
শুক্রবার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ধারণা করা হয়েছিল, হয়তো শেষ পর্যন্ত স্কোয়াডে ফিরবেন এমবাপ্পে। কিন্তু শনিবার পূর্ণ অনুশীলনে অংশ নিতে না পারায় তাকে বাদ দেওয়া হয়।
এমবাপ্পের পাশাপাশি আরও সাতজন খেলোয়াড় নেই স্কোয়াডে। ভালভার্দে চৌয়ামেনির সঙ্গে সংঘাতের সময় পিছলে মাথায় আঘাত পেয়েছেন। ফলে তাকেও বিশ্রামে রাখা হয়েছে।
গুরুতর চোটের কারণে রদ্রিগো ও এদার মিলিতাও পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন। এছাড়া ফারল্যান্দ মেন্দির অবস্থাও ভালো নয়। ডান পায়ের চোটে বাদ পড়েছেন আর্দা গুলের। ডান পায়ের ছোট আঙুলে ফ্র্যাকচারের কারণে খেলতে পারছেন না দানি কার্ভাহাল। কোচের সিদ্ধান্তে বাদ পড়েছেন দানি সেবায়োসও।
তবে চৌয়ামেনি স্কোয়াডে আছেন। ক্লাবের পক্ষ থেকে তাকে ও ভালভার্দেকে ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, এক মাস পর দলে ফিরেছেন থিবো কোর্তোয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ডান উরুর চোটে পড়েছিলেন তিনি।



