
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা ভোটার এলাকা পরিবর্তন করেছেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা-১৮ আসন থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন এনসিপির এই দুই নেতা। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তাদের আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন।
জানা গেছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করতে হয়। আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ভোটার এলাকা পরিবর্তনের পর তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটার ছিলেন। ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদনের পর তিনি এখন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেই এনসিপির এই দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।



