ফুটবল
প্রধান খবর

স্থায়ী চুক্তির পরদিনই হামজার মাঠে ফেরা, শেষ মুহূর্তের গোলে শেফিল্ডের জয়

শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তিতে সই করার ২৪ ঘণ্টাও পেরোয়নি। তার আগেই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। শুধু মাঠে নামাই নয়, একাদশে থেকেই খেললেন বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ব্র্যামল লেনে ঘরের মাঠে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের এই নাটকীয় জয়ের সঙ্গী হয়েছেন হামজা।

জয় দিয়ে ফিরতি পর্বের শুরুটা স্মরণীয় হলেও বাংলাদেশের সমর্থকদের চোখ ছিল ভিন্ন এক রোমাঞ্চে। চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ যেন হয়ে উঠেছিল ‘লঙ্কা-বাংলা’ লড়াই। একদিকে শেফিল্ডের হয়ে বাংলাদেশের হামজা চৌধুরী, অন্যদিকে বোল্টনের শ্রীলঙ্কান বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের সিমন্স।

তবে ম্যাচে হামজার শুরুটা সুখকর হয়নি। খেলার প্রথম মিনিটেই বাঁ প্রান্তে বোল্টন উইঙ্গার থিয়েরি গ্যালের চ্যালেঞ্জে পরাস্ত হন তিনি। হামজাকে কাটিয়ে গ্যালের বাড়ানো ক্রস সতীর্থরা ক্লিয়ার করলেও ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে জড়ান সিমন্স।

রাইটব্যাক পজিশনে খেলা হামজা বিরতির ঠিক আগে গোলের একটি সুবর্ণ সুযোগও নষ্ট করেন। ম্যাচে পুরোপুরি মানিয়ে নিতে না পারা বাংলাদেশি তারকাকে সোফাস্কোর তাদের রেটিংয়ে দিয়েছে ১০-এর মধ্যে ৬.৮।

তবে হামজার অফ-ডেতেও পয়েন্ট খোয়াতে হয়নি শেফিল্ডকে। গোল খাওয়ার তিন মিনিটের মাথায় জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর ৬৭ মিনিটে আবারও পিছিয়ে পড়ে শেফিল্ড। তবে পরের মিনিটেই প্যাট্রিক ব্যামফোর্ডের লক্ষ্যভেদে ম্যাচে ফেরে সমতা। নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা যায় যোগ করা সময়ে। ৯০+৩ মিনিটে রোমেল ডনোভানের জয়সূচক গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো ব্র্যামল লেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে হামজা বলেন, ‘ব্র্যামল লেনে ফিরতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলাম, আমরা এভাবে সন্ধ্যাটা শুরু করতে চাইনি। তবে সতীর্থরা দুর্দান্ত সাহসিকতা দেখিয়ে খেলায় ফিরেছে। এই স্টেডিয়াম আর এখানকার সমর্থকেরা সত্যিই অসাধারণ।’

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে গত ৩১ আগস্ট স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এর আগে গত মৌসুমে ধারে খেলতে এসে ১৯ ম্যাচে মাঠ মাতিয়ে দলকে প্লে-অফ ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button