ফুটবল
প্রধান খবর

আজ কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। কানাডার টরন্টোতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের নামকরা শিল্পীদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

ফিফার আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, নোরা ফাতেহি, জেসি রেয়েজ, অ্যালেসিয়া কারাসহ আরও অনেক শিল্পী।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। এরপর শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়ার বিপক্ষে মাঠে নামবে কানাডা। ম্যাচের আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সঞ্জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন,

“এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে প্রতিনিধিত্ব করছি, ভালো লাগছে।”

টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরা হবে। আয়োজকরা জানিয়েছেন, সংগীত, সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দর্শকদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে।

এদিকে, কানাডার অনুষ্ঠান শেষে শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেও থাকবে দেশীয় সংস্কৃতির উপস্থাপনা এবং বিশ্বখ্যাত তারকাদের পরিবেশনা।

মেক্সিকো, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস-তিন শহরের আয়োজন ভিন্ন হলেও এবারের বিশ্বকাপের মূল বার্তা একটাই-সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে বিশ্বের মানুষকে এক বন্ধনে যুক্ত করা।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button