ফুটবল
প্রধান খবর

মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি নিলামে, দাম উঠতে পারে কত?

বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উল্লাস-২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের কথা মনে করলে চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য। এবার সেই উদযাপনের সঙ্গে জড়িয়ে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা উঠতে যাচ্ছে নিলামে। আগামী নভেম্বরে এটি বিক্রির জন্য তোলা হবে।

রিচমন্ড অকশনস তাদের উদ্বোধনী ক্রীড়া স্মারক নিলামে ট্রফিটি প্রদর্শন করবে ২০২৬ সালের ৭ নভেম্বর। ট্রফিটি এর আগে বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরেও প্রদর্শিত হয়েছিল। আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ছড়িয়ে পড়া আলোচিত কয়েকটি ছবির সঙ্গেও জড়িয়ে আছে এই ট্রফি।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র হয়। মেসি করেন দুটি গোল, আর ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত গঞ্জালো মন্তিয়েলের সফল স্পটকিকে শিরোপা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় গ্যালারি থেকে মাঠে আনা হয় ট্রফিটির রেপ্লিকা। প্রায় ৪৫ মিনিট ধরে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে হাতে ঘোরে সেটি। মেসিকে ট্রফিটি উঁচিয়ে ধরতে ও তাতে চুমু খেতে দেখা যায়। মুহূর্তটি তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ছবিতে পরিণত হয়।

শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করেছিলেন মেসি। সেসব ছবির মধ্যেও ছিল ট্রফিটির রেপ্লিকার ছবি। পোস্টটিতে ৭ কোটি ৪০ লাখের বেশি লাইক পড়েছিল। একপর্যায়ে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টে পরিণত হয়। ফলে ট্রফিটির গুরুত্বও বেড়ে যায়।

ট্রফিটির সঙ্গে বিশ্বজয়ী দলের আরও একটি সংযোগ রয়েছে। উদযাপন শেষ হওয়ার আগেই দলের আট সদস্য এতে স্বাক্ষর করেছিলেন। নিলামের নথিপত্রে ট্রফিটির উৎস ও মালিকানার ইতিহাসের অংশ হিসেবে লাওতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ এবং ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করা আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড়দের নাম উল্লেখ রয়েছে।

নিলামটি অনুষ্ঠিত হবে শনিবার, ৭ নভেম্বর, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিলের ৫২৬ কঙ্গারি রোডে। তবে ট্রফিটির সম্ভাব্য বিক্রয়মূল্য সম্পর্কে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button