
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমানে ওই গ্রুপ থেকে রানার্সআপ হওয়ার দৌড়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।
অন্যদিকে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোও শেষ ৩২-এ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। হাইতির বিপক্ষে ৪-২ গোলের জয় পাওয়ায় মরক্কোরও পয়েন্ট দাঁড়িয়েছে ৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ভিনিসিউস জুনিয়র। ৭ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। অপর গোলটি করেন ম্যাথুস কুনহা।
অন্যদিকে মরক্কোর হয়ে হাইতির বিপক্ষে গোল করেন আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, সুফিয়ান রহিমি এবং গেসিমে ইয়াসিন। তাদের দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি, কারণ গোল ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল।

এখন নকআউট পর্বে ব্রাজিল ও মরক্কোর প্রতিপক্ষ কে হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। বিশেষ করে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের মতো শক্তিশালী দলগুলোর অবস্থান শেষ ৩২-এর লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।