ফুটবল
প্রধান খবর

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে ম্যাচের শুরুতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। এর মধ্যে আর্জেন্টিনা করে ১২টি এবং ইংল্যান্ড ৭টি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। তারই ফল আসে ৫৫তম মিনিটে। মরগান রজার্সের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর একাধিক পরিবর্তন আনে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বদলে মাঠে নামেন নিকো গঞ্জালেজ। পরে হাইড্রেশন বিরতির পর লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনের পরিবর্তে মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও গনসালো মন্তিয়েল। ইংল্যান্ডও অ্যান্থনি গর্ডনের জায়গায় এজরি কনসাকে নামায়।

ম্যাচের শেষ ২০ মিনিটে জমে ওঠে লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ম্যাচ।

৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ।

এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেদ করে আর গোল আদায় করতে পারেনি ইংলিশরা। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিওনেল মেসিরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button