ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য প্রথমবার ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা

বিশ্বকাপজয়ী দলকে সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। এবার থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু ট্রফিই নয়, পাবে বিশেষভাবে তৈরি ‘চ্যাম্পিয়নশিপ রিং’। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ থেকেই চালু হচ্ছে এই নতুন ঐতিহ্য।

ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের বিজয়ী দেশকে প্রথমবারের মতো একটি বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতিকে বৈশ্বিক ফুটবলে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফার ভাষ্য, এমন একটি ঐতিহাসিক অর্জনের স্মারক হিসেবে এই রিং চিরস্মরণীয় হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের এনবিএ, এমএলবি ও এনএফএলের মতো পেশাদার ক্রীড়া লিগগুলোতে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়ার প্রচলন রয়েছে। সেই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে বিশ্বকাপেও একই ধরনের সম্মাননা চালু করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার তথ্য অনুযায়ী, রিংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দেশের পরিচয় বহনকারী বিশেষ নকশা।

বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

ফিফা আরও জানিয়েছে, ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে একটি করে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি ৩০টি রিং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

অবশিষ্ট ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং সত্যতা নিশ্চিত করার জন্য একটি প্রমাণপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button