
ফুটবল বিশ্বে আবারও ঘটল এক রোমাঞ্চকর পুনর্মিলনী। ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন তাঁর বহু পুরনো বন্ধু ফিলিপ কুতিনহো। চলতি মৌসুমের শেষ পর্যন্ত সাবেক লিভারপুল ও বার্সেলোনা অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৩৪ বছর বয়সী কুতিনহো গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন। ভাস্কোর হয়ে ৮১টি ম্যাচ খেলার পর মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে ক্লাবটি ছাড়েন তিনি। এবার নতুন উদ্যমে মাঠে ফেরার জন্য সান্তোসকে বেছে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
কুতিনহোর আগমনকে স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখেনি সান্তোস। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার ও কুতিনহোর কিশোর বয়সের একটি পুরনো ছবির পাশাপাশি জিমনেসিয়ামে একই ভঙ্গিতে তোলা তাদের বর্তমান সময়ের একটি ছবি প্রকাশ করেছে ক্লাবটি।
ড্রেসিংরুমে কুতিনহো প্রবেশ করতেই নেইমারের উষ্ণ কোলাকুলি ও আবেগঘন মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে। কুতিনহোর উক্তি-‘এটি যদি স্বপ্ন হয়, তবে আমি আর কোনোদিন ঘুম থেকে জাগতে চাই না’-সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। জাতীয় দলের জার্সিতে একসঙ্গে লড়াই করলেও ক্লাব ফুটবলে এই প্রথম একই দলের জার্সিতে মাঠে দেখা যাবে দুই ঘনিষ্ঠ বন্ধুকে।
কুতিনহোর ক্লাব ক্যারিয়ারও ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। ইন্টার মিলান ও লিভারপুলে দুর্দান্ত ফর্মের পর ২০১৮ সালে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইল ঘুরে আবারও ব্রাজিলের ফুটবলে ফিরেছেন কুতিনহো।
এবার নেইমারের সঙ্গে সান্তোসে তাঁর নতুন অধ্যায় ব্রাজিলিয়ান ক্লাবটির সমর্থকদের মনে নতুন স্বপ্নের জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি



