
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাভেল হাসান-বায়েজিদরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল করেছেন মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন পাভেল হাসান। তার জোড়া গোলে ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্ত করে বাংলাদেশ। পাভেলের দুই গোলের মাঝে একবার প্রতিপক্ষের জালে বল পাঠান শিবাক কুমার মালি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দল।
এই জয়ে প্রতিযোগিতায় আট ম্যাচে চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার পথ মোটেও সহজ ছিল না দলটির জন্য।
বাছাইপর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফেরে বাংলাদেশ।
নকআউট পর্বে বাংলাদেশের লড়াই ছিল আরও রোমাঞ্চকর। শেষ বত্রিশের ম্যাচে সিশেলসের সঙ্গে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ।
শেষ ষোলোতেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় দলকে। সিঙ্গাপুরের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় তারা। এবার কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশের যুবারা।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



