বাংলাদেশ থেকে ধানের উন্নত জাত নিতে এবং কৃষিক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষর করতে চায় নেপাল। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র গতকাল কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাত্কালে এ আগ্রহ ব্যক্ত করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, ঢাকার নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রায় উপস্থিত ছিলেন। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে ও খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য এসেছে। কৃষির অগ্রগতির ফলেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যের জোগান অব্যাহত রয়েছে। দেশে ১০০টির বেশি উন্নত জাতের ধান ও প্রযুক্তি রয়েছে। এর মধ্যে বেশির ভাগ মেগা ভ্যারাইটি। নেপাল এ জাতগুলো বাংলাদেশে থেকে নিতে পারে। দুই দেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতার জন্য ‘সমঝোতা স্মারকে’ এ বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে। ধান উৎপাদনে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র বলেন, নেপালের মানুষের প্রধান খাদ্য চাল। কিন্তু নেপাল চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। বরং বছরে অনেক চাল আমদানি করতে হয়। বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাল উৎপাদন বাড়ানোর জন্য বাংলাদেশী ধানের জাত নেপাল নিতে চায়। বিভিন্ন ফসল, বীজ, উন্নত জাত, প্রযুক্তি, গবেষণাসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার জন্য ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষর করা প্রয়োজন। আদা, এলাচিসহ গরম মসলা বাংলাদেশে সরাসরি রফতানির আগ্রহ ব্যক্ত করে বলেন, বর্তমানে ভারত হয়ে এসব পণ্য বাংলাদেশে আসে। ফলে বাংলাদেশে দাম অনেক বেড়ে যায়। সরাসরি বাংলাদেশে এলে দাম অনেক কম পড়বে। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আগামী ুদই মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে নেপালের পিটিএ চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। এর আগে ভুটানের সঙ্গে পিটিএ চুক্তি সই করেছে নেপাল। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তিটি সই হবে। তিনি বাংলাদেশের সঙ্গে চলমান কানেক্টিভিটিকে আরো শক্তিশালী করার ও বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান। কৃষিমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। নেপালের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সবক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
বিস্তারিত>>
