
বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে। তবে সুবিধাটি এখনো সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা অনেকটাই কমবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হতে পারে।
সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।
এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা অনেক সময় ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে দাঁড়াত।
বিকাশের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের বিল পরিশোধের সুবিধা চালু হলে এসব জটিলতা অনেকটাই কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে উদ্যোক্তারা তুলনামূলক সহজে ফেসবুক বিজ্ঞাপনের খরচ পরিশোধ করতে পারবেন।
তবে বিষয়টি নিয়ে এখনো মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে থেকে সব ব্যবহারকারীর জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের আশা, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের এই সুযোগ আরও বিস্তৃত করা হতে পারে।
তথ্যসূত্র: ইত্তেফাক