কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান তারা। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো



