বগুড়া জেলা
প্রধান খবর

ফেসবুক পোস্টের মামলায় গাজী সালাউদ্দিন তানভীর গ্রেফতার, আনা হচ্ছে বগুড়ায়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

এর আগে, গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয়।

মামলার বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর এর আগে বগুড়া লাইভকে জানিয়েছিলেন, একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু হয়। পরে তিনি নিজেই পোস্টটি মুছে ফেলেন। একই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিত জবাবও জমা দিয়েছেন বলে দাবি করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় এনে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button