রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন মিথ্যা, নিজেই দিলেন স্পষ্ট ব্যাখ্যা

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন তিনি নিজেই।
তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা।
কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’
সম্প্রতি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদের সঙ্গে কার্লোসের সাক্ষাৎ এবং ইসলামিক রীতিতে বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার ইসলাম গ্রহণের গুঞ্জন শুরু হয়।
তবে কার্লোস জানান, তার বিয়েতে পরিবারের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ক্যাথলিক অনুষ্ঠান এবং তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরিকে বিয়ে করেছেন রবার্তো কার্লোস। স্ত্রীর ধর্মীয় পরিচয়ের কারণে তাকে ঘিরে ইসলাম গ্রহণের গুঞ্জন ছড়ালেও নিজের বক্তব্যে সেই জল্পনার অবসান ঘটালেন এই কিংবদন্তি ফুটবলার।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কার্লোস রিয়াল মাদ্রিদের হয়েও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ একাধিক শিরোপা জিতেছেন।
তথ্যসূত্র: ইত্তেফাক



