ফুটবল
প্রধান খবর

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর মন্তব্যে বিশ্বরেকর্ড

ফুটবল মাঠে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা। তবে মাঠের বাইরে মানবিকতার জায়গায় সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপ রাখলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর লিওনেল মেসির দেওয়া আবেগঘন পোস্টে রোনালদোর সহমর্মিতামূলক মন্তব্য ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টের রেকর্ড গড়েছে।

বাবার প্রয়াণে মেসির দেওয়া পোস্টের জবাবে রোনালদো লিখেছিলেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের জন্য রইল পরম উষ্ণ সমবেদনা, লিও। শক্ত থাকো।’

মন্তব্যটি প্রকাশের তিন দিনেরও কম সময়ের মধ্যে এতে ৬.৫ মিলিয়ন বা ৬৫ লাখের বেশি লাইক পড়ে। এর মাধ্যমে ইনস্টাগ্রামে একক কোনো কমেন্টে সর্বোচ্চ লাইকের নতুন রেকর্ড গড়েছেন রোনালদো।

মজার বিষয় হলো, আগের রেকর্ডটিও ছিল পর্তুগিজ এই সুপারস্টারের দখলে। ২০২৪ সালে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে রোনালদো মন্তব্য করেছিলেন, ‘এবার আমার দেখার পালা। বার্নাব্যুতে তোমাকে জ্বলে উঠতে দেখার অপেক্ষায় রইলাম।’

২০২৫ সালের শেষ দিকে সেই মন্তব্যে ৬ মিলিয়ন বা ৬০ লাখ লাইক পূর্ণ হয়েছিল। এবার মেসির বাবার মৃত্যুতে দেওয়া মন্তব্যটি সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসির কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়ানোর এই ঘটনায় দুই মহাতারকার ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। ফুটবলের দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বীর এমন মানবিক মুহূর্ত বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছে সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button