
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার আগুনিয়া তাইড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় (খানপাড়া) এলাকার মৃত হক প্রধানের ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকালে ২০ বছর বয়সী এক নারীকে বাসায় একা রেখে তাঁর বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। ওই দিন দুপুর আনুমানিক ১টার দিকে আসামি মোঃ নাজিম উদ্দিন ওই বাসায় প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগীকে একা পেয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় ভুক্তভোগীর বড় বোন বাড়িতে এলে নাজিম উদ্দিন কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী বাদী হয়ে ১২ সেপ্টেম্বর বগুড়ার সোনাতলা থানায় মামলা করেন।
মামলার পর থেকে নাজিম উদ্দিন গ্রেপ্তার এড়াতে সোনাতনা থানাধীন আগুনিয়া তাইড় এলাকায় অবস্থান করছিলেন বলে জানায় র্যাব।
এ দিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান সম্পর্কে জানতে পারে। পরে সোমবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে আগুনিয়া তাইড় গ্রামে জনৈক রায়হান আকন্দের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নাজিম উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামি নাজিম উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।



