২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ করলেন হাইকোর্ট

দেশের সব স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিটটি ‘নট প্রেসড’ হিসেবে খারিজ করেছেন।
এর আগে গত ৭ অক্টোবর দেশের সব স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।
রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়।
রিট দায়েরের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকবে।
তথ্যসূত্র: যুগান্তর

