
বগুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবকের দাদা ও দাদির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৭০ বছর বয়সী দাদা ও ৬৫ বছর বয়সী দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রাহুল (২২) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত রাহুল পালিয়ে যান।
পরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাহুলের দাদি (৬৫) ও দাদাকে (৭০) আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ আলম জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত যুবকের দাদা ও দাদির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, পলাতক রাহুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।



