জাপানে ‘মানুষ ধোয়ার মেশিন’, আলোচনার কেন্দ্রে অভিনব প্রযুক্তি

জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক অভিনব যন্ত্র তৈরি করেছে, যেখানে একটি পডের ভেতর শুয়ে গান শুনতে শুনতে ব্যবহারকারী কাপড়ের মতোই ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে পারেন—তবে কোনো ঘুরপাক নয়, বরং সম্পূর্ণ আরামদায়ক অভিজ্ঞতা। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, ওয়ার্ল্ড এক্সপোতে দর্শকদের মুগ্ধ করার পর এখন মেশিনটি বাণিজ্যিকভাবে জাপানের বাজারে বিক্রি হচ্ছে।
ওসাকায় অনুষ্ঠিত ছয় মাসের ওয়ার্ল্ড এক্সপো গত অক্টোবরে শেষ হয়, যেখানে ‘ভবিষ্যতের মানব ওয়াশার’ নামে পরিচিত এই যন্ত্রটির একটি নমুনা দেখতে দীর্ঘ লাইন পড়েছিল। ২ কোটি ৭০ লাখের বেশি দর্শনার্থীর সামনে প্রদর্শিত এই প্রযুক্তির পেছনে রয়েছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স। এটি ১৯৭০ সালে ওসাকায় প্রদর্শিত একটি যন্ত্রের আধুনিক সংস্করণ।
সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির বর্তমান প্রেসিডেন্ট সেই সময় মাত্র ১০ বছরের শিশু ছিলেন এবং পুরোনো যন্ত্রটি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। তার ভাষায়, এই নতুন মেশিন শুধু শরীর নয়, আত্মাকেও ‘পরিষ্কার’ করার অনুভূতি দেয়। পাশাপাশি ব্যবহারকারীর হৃৎস্পন্দনসহ গুরুত্বপূর্ণ উপাত্তও পর্যবেক্ষণ করে।
মার্কিন এক রিসোর্ট কোম্পানি যন্ত্রটির বাণিজ্যিক সংস্করণ উৎপাদন সম্পর্কে জানতে যোগাযোগ করার পর সায়েন্স সীমিত উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে ওসাকার একটি হোটেল প্রথম ইউনিটটি কেনার পর অতিথিদের জন্য সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। বড় ক্রেতাদের তালিকায় রয়েছে ভোক্তা ইলেকট্রনিক্স রিটেইল চেইন ইয়ামাদা দেনকিও, যারা আশা করছে নতুন এই প্রযুক্তি শোরুমে ক্রেতা টানবে।
মেশিনটি সীমিত সরবরাহের কারণে আরও আকর্ষণ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাত্র ৫০টির মতো ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, প্রতিটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ কোটি ইয়েন (৩ লাখ ৮৫ হাজার ডলার)।



